Sunday, April 19, 2026
HomeBreaking Newsআদিবাসী নেতাকে জাতি তুলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বলরামপুরে লিখিত অভিযোগ...

আদিবাসী নেতাকে জাতি তুলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বলরামপুরে লিখিত অভিযোগ দায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্তর।

Oplus_16908288

নিজস্ব প্রতিনিধি:- বলরামপুর:- আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দারকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণে মারার হুমকির অভিযোগে উত্তাল আদিবাসী ভূমিজ সমাজ। এই মর্মে রবিবার সন্ধ্যায় বলরামপুর থানায় তিন ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্তরা হলেন প্রভাত জয়সওয়াল, বিশ্বরূপ পতি এবং কার্তিক গরাই।
এই খবর চাউর হতেই বলরামপুরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫-৩০ জন সমিতির সদস্য থানায় ছুটে আসেন লক্ষ্মীনারায়ণ সিং সর্দারের পাশে দাঁড়াতে। আদিবাসী সম্প্রদায়ের এক শীর্ষ নেতার ওপর এমন হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তদের মধ্যে থাকা বিশ্বরূপ পতি।
অভিযোগ দায়ের করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষ্মীনারায়ণ সিং সর্দার বলেন, “আজ সন্ধ্যা ৬টা ২০ নাগাদ বলরামপুর চেকপোস্ট এলাকায় একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বেরিয়ে আসার সময় ওই তিন ব্যক্তি আমাকে ঘিরে ধরে। তারা আমাকে আদিবাসী জাতি তুলে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে এবং সেই সঙ্গে প্রাণনাশের হুমকিও দেয়। তাদের শারীরিক অঙ্গভঙ্গিতে মনে হচ্ছিল যেন তারা আমাকে মেরেই ফেলবে।”
লক্ষ্মীনারায়ণ বাবু আরও জানান, ওই ব্যক্তিরা ক্র্যাশার খাদান ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য তাকেই দায়ী করে। তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাণে বেঁচে গেছেন বলে জানান।

এদিকে আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির বলরামপুর ব্লক সভাপতি রাতুল লায়া বলেন, “দীর্ঘদিন ধরে বলরামপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমি লুঠ করার একটি বড় চক্রান্ত চলছে। আমাদের রাজ্য সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ বাবু এই অন্যায়ের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন। তার প্রতিবাদী ভূমিকার জন্যই জমি লুঠকারীরা তাকে সরিয়ে দেওয়ার বা ভয় দেখানোর চক্রান্ত করেছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই এই চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষা এবং ন্যায়বিচারের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

এই ঘটনা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং প্রশাসন এই বিষয়ে কী ব্যবস্থা নেয়, তার ওপর সকলের নজর থাকবে।পাশাপাশি তারা বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। তবে অভিযুক্তদের মধ্যে বিশ্বরূপ পতির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular